কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড রাজ্য: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা – বর্তমান নিউজ

রাজ্যজুড়ে আবহাওয়ার মেজাজ বদলে বৃহস্পতিবার বিকেল থেকেই শুরু হয়েছে কালবৈশাখীর দাপট। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ইতিমত্যেই জারি করা হয়েছে সতর্কতা।
শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-সহ বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিছু এলাকায় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটারে পৌঁছাতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ে শিলাবৃষ্টির পাশাপাশি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। শনিবারও উত্তরবঙ্গের জেলাগুলোতে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি বজায় থাকার আশঙ্কা থাকছে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান ও ঝাড়গ্রামেও কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। এসব জেলায় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি ও দমকা হাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতেও বিক্ষিপ্ত বৃষ্টির ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। বজ্রপাতের সময় সাধারণ মানুষকে খোলা জায়গায় না থেকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।