২০২৬ বিশ্বকাপ থেকে কি সরে দাঁড়াচ্ছে ইরান? তুঙ্গে জল্পনা – বর্তমান নিউজ

২০২৬ বিশ্বকাপ থেকে কি সরে দাঁড়াচ্ছে ইরান? তুঙ্গে জল্পনা – বর্তমান নিউজ

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ইরানকে ঘিরে দানা বাঁধছে গভীর অনিশ্চয়তা। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান রাজনৈতিক উত্তেজনা ও যুদ্ধের আবহে এই বিশ্বমঞ্চ থেকে ইরানের সরে দাঁড়ানোর প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি ফুটবলারদের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করায় এবং সে দেশে তাদের প্রবেশ নিয়ে অনীহা দেখানোয় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। যদিও ইরান অন্য কোনো দেশে তাদের ম্যাচগুলি খেলার প্রস্তাব দিয়েছে, তবে ফিফা এখনও এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি।

ফিফা বর্তমানে ইরানকে রেখেই বিশ্বকাপের যাবতীয় প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। তবে আন্তর্জাতিক কূটনীতি, কঠোর ভিসা নীতি এবং নিরাপত্তার অভাব ইরানকে শেষ পর্যন্ত প্রতিযোগিতা থেকে ছিটকে দিতে পারে। যদি ইরান সত্যিই সরে দাঁড়ায়, তবে তাদের পরিবর্তে কোন দেশ মূলপর্বে জায়গা পাবে, তা নিয়ে ফুটবল মহলে শুরু হয়েছে জোর আলোচনা। ফিফার পক্ষ থেকে সরকারিভাবে কোনো বিকল্প দলের নাম ঘোষণা না করা হলেও বিষয়টি নিয়ে পর্দার আড়ালে তোড়জোড় চলছে।

ইরানের বিকল্প হিসেবে এশিয়ার দেশগুলির মধ্যে এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে রয়েছে ইরাক। প্লে-অফে জয় পেলেই যুদ্ধবিধ্বস্ত এই দেশটির সামনে বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ আসতে পারে। এছাড়া সংযুক্ত আরব আমিরশাহিও এই দৌড়ে শক্ত অবস্থানে রয়েছে। এশিয়ার ফুটবল মানচিত্রে এই রদবদল নিয়ে এখন বিশ্বজুড়ে ক্রীড়াপ্রেমীদের নজর আটকে রয়েছে ফিফার পরবর্তী পদক্ষেপের ওপর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *