মমতার ১৫ বছরের শাসনে ‘অবনতি’! কলকাতায় বিকেলের মধ্যেই তৃণমূলের বিরুদ্ধে ‘চার্জশিট’ প্রকাশ করবেন শাহ – বর্তমান নিউজ

শুক্রবার রাতেই কলকাতায় পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি শ্বেতপত্র বা ‘চার্জশিট’ প্রকাশ করতেই তাঁর এই ঝটিকা সফর। রাত ১১টা ৪০ মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি নিউ টাউনের একটি হোটেলে রাত্রিযাপন করবেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ বিজেপির শীর্ষনেতৃত্ব উপস্থিত থাকার কথা রয়েছে।
শনিবার বেলা ১২টা থেকে নিউ টাউনের ওই হোটেলেই শাহের মূল কর্মসূচি শুরু হবে। সেখানে আয়োজিত একটি সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গত ১৫ বছরের শাসনের ‘অবনতি’ নিয়ে তৈরি বিজেপির অভিযোগনামাটি তিনি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন। সূত্রের খবর, এই চার্জশিটে ১৪টি মূল ক্ষেত্র চিহ্নিত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তোলা হয়েছে। নির্বাচনী ইস্তাহার প্রকাশের আগে এই পদক্ষেপের মাধ্যমে প্রচারে বাড়তি গতি আনতে চাইছে পদ্মশিবির।
কর্মসূচি শেষে শনিবার দুপুর ১টা ২০ মিনিট নাগাদ দিল্লির উদ্দেশে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর এই সফরকে কেন্দ্র করে কলকাতায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে রাজ্য পুলিশকেও প্রয়োজনীয় সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সমস্যা ও আঞ্চলিক পরিস্থিতির ওপর ভিত্তি করে তৈরি এই ‘অভিযোগনামা’ প্রকাশের মাধ্যমেই রাজ্যে বিজেপির নির্বাচনী লড়াইয়ের রূপরেখা আরও স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।