চণ্ডীগড়ে নতুন আবগারি নীতি: পেট্রোল পাম্প ও মলে মিলবে মদ, ডিজিটাল লেনদেন বাধ্যতামূলক – বর্তমান নিউজ
চণ্ডীগড় প্রশাসনের অনুমোদিত নতুন আবগারি নীতিতে মদ্যপানের নিয়মে বড়সড় বদল আনা হয়েছে। এখন থেকে গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে শহরের পেট্রোল পাম্প, শপিং মল এবং স্থানীয় বাজারগুলোতেও মদ বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া বড় ডিপার্টমেন্টাল স্টোরগুলো বিদেশি মদ, ওয়াইন ও বিয়ার বিক্রি করতে পারবে। প্রশাসনের লক্ষ্য হলো মদ কেনার প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করে তোলা।
নতুন এই নীতি অনুযায়ী, প্রতিটি মদের দোকানে কার্ড বা পিওএস মেশিনের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট করা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি গ্রাহকদের সচেতন করতে বার, হোটেল ও রেস্তোরাঁগুলোতে অ্যালকোহল মিটার বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। নজরদারি জোরদার করতে মদ পরিবহনকারী যানবাহনে জিপিএস ট্র্যাকিং এবং মদের দোকানে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে লাইভ মনিটরিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।
আগামী অর্থবছর থেকে চণ্ডীগড়ে মোট ৯৭টি মদের দোকান পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে। নতুন নিয়মে মদ ও বিয়ারের দাম সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। অবৈধ কার্যকলাপ রুখতে এবং মদ্যপানের প্রক্রিয়ায় শৃঙ্খলা বজায় রাখতে এই আধুনিক ও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে চণ্ডীগড় প্রশাসন। এর ফলে মদ্যপায়ীদের আর দূর-দূরান্তে মদের দোকান খুঁজতে হবে না।