মোদি ও নির্বাচন কমিশনকে নিয়ে বিতর্কিত এআই ভিডিও, কেরলে এক্স-এর বিরুদ্ধে মামলা – বর্তমান নিউজ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাতীয় নির্বাচন কমিশনকে অবমাননা করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সাহায্যে তৈরি একটি ভিডিও পোস্ট করার অভিযোগে কেরালা পুলিশ মামলা দায়ের করেছে। ভিডিওটিতে কমিশনের সঙ্গে বিজেপির যোগসাজশের দাবি করা হয়েছে, যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা। বুধবার গভীর রাতে তিরুবনন্তপুরমের সাইবার ক্রাইম থানায় একটি নির্দিষ্ট এক্স হ্যান্ডেল এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এর বিরুদ্ধে এই অভিযোগ নথিভুক্ত করা হয়।
পুলিশের দাবি, ১ মিনিট ১৭ সেকেন্ডের ওই ভিডিওটি সরিয়ে ফেলার জন্য একাধিকবার অনুরোধ করা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরপরই আইনি পদক্ষেপ হিসেবে ভিডিওটি দ্রুত মুছে ফেলার নির্দেশ দিয়ে নোটিস পাঠানো হয়েছে। ডিজিটাল নিরাপত্তা ও নির্বাচনী স্বচ্ছতা বজায় রাখতে সাইবার শাখা এই পদক্ষেপ গ্রহণ করেছে।
অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বিতর্ক তীব্র হয়েছে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বিজেপির সিল দেওয়া নথির প্রসঙ্গ টেনে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। একইসঙ্গে সমালোচকদের বিরুদ্ধে পুলিশের এই কড়া পদক্ষেপের নিন্দা জানিয়ে তিনি মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছেন, যা রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে।