বিজেপি সবচেয়ে বড় ডাকাত দল, ভোটগণনায় গণপ্রতিরোধের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের – বর্তমান নিউজ

পাণ্ডবেশ্বর ও দুবরাজপুরের নির্বাচনী জনসভায় বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গেরুয়া শিবিরকে ‘সবচেয়ে বড় ডাকাত দল’ আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার রেল, সেল এবং এলআইসি-র মতো গুরুত্বপূর্ণ সংস্থাগুলি বিক্রি করে দিচ্ছে। তৃণমূল নেতাদের ‘চোর’ বলা নিয়ে পাল্টা হুংকার ছেড়ে মুখ্যমন্ত্রী বলেন, যারা দেশ সওদা করে তাদের মুখে বড় কথা মানায় না।
বীরভূমের জনসভায় মমতা নিজেকে ‘রাঙামাটির মেয়ে’ হিসেবে তুলে ধরে গত ১৫ বছরের উন্নয়নের খতিয়ান দেন। আসন্ন বিধানসভা নির্বাচনকে কৌরব ও পাণ্ডবদের লড়াইয়ের সঙ্গে তুলনা করে তিনি দাবি করেন, ২০২৬ সালের মধ্যেই বিজেপি সরকারের পতন নিশ্চিত। এদিন তিনি নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে সরব হন এবং ভোটারদের সতর্ক থাকার পরামর্শ দেন।
নির্বাচনের দিন এবং বিশেষ করে ভোট গণনার সময় মা-বোনদের জোটবদ্ধ হয়ে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। বহিরাগতদের প্রভাব রুখতে প্রয়োজনে বাড়ির জিনিসপত্র নিয়ে রাস্তায় নামার নির্দেশ দেন তিনি। টাকার বিনিময়ে দলবদলু বা গদ্দারদের সম্পর্কে সতর্ক করে মমতা বলেন, চারিত্রিক সততা বজায় রাখাই আসল জয়। প্রশাসন ও আধিকারিকদের নিরপেক্ষভাবে কাজ করার বার্তাও দেন তিনি।