নির্বাচন কমিশন: ৩৬ লক্ষ আবেদনকারীর ভাগ্য নির্ধারণ, আজই প্রকাশিত হতে পারে দ্বিতীয় তালিকা – বর্তমান নিউজ

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এসআইআর (SIR) তালিকা নিয়ে তৎপরতা তুঙ্গে। নির্বাচন কমিশন সূত্রে খবর, মোট ৬০ লক্ষ আবেদনকারীর মধ্যে ইতিমধ্যে ৩৬ লক্ষের ভাগ্য নির্ধারণ সম্পন্ন হয়েছে। সোমবার মধ্যরাতে প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশের পর বুধবার পর্যন্ত ৩২ লক্ষ আবেদনের নিষ্পত্তি হয়েছিল, যা বৃহস্পতিবার বেড়ে দাঁড়িয়েছে ৩৬ লক্ষ।
কমিশন জানিয়েছে, আদালত থেকে প্রয়োজনীয় তালিকা হাতে পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দ্বিতীয় দফার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হতে পারে। সেই অনুযায়ী, আজ শুক্রবারই এই তালিকা জনসমক্ষে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে কয়েক লক্ষ আবেদনকারীর প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে বলে মনে করা হচ্ছে।
একইসঙ্গে রাজ্যে অ্যাপিলেট ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও দ্রুত গতিতে শুরু হয়েছে। প্রাথমিক তথ্যানুযায়ী, নিউটাউনের জুডিশিয়াল অ্যাকাডেমিতে এই ট্রাইবুনাল স্থাপনের সম্ভাবনা সবচেয়ে বেশি। পরিকাঠামো খতিয়ে দেখতে শীঘ্রই কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল ও সিইও দপ্তরের আধিকারিকরা নির্দিষ্ট স্থানটি পরিদর্শনে যাবেন বলে জানা গিয়েছে।