আমডাঙায় তৃণমূলের কর্মিসভায় বিদায়ী বিধায়কের বিস্ফোরক মন্তব্য, রণক্ষেত্র গোবিন্দপোতা – বর্তমান নিউজ

আমডাঙার গোবিন্দপোতায় তৃণমূল প্রার্থী কাসেম সিদ্দিকির সমর্থনে আয়োজিত কর্মিসভায় ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল। বিদায়ী বিধায়ক রফিকুর রহমানের একটি মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দলীয় প্রার্থীর উপস্থিতিতেই শুরু হয় চেয়ার ভাঙচুর ও মারধর। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক সভাস্থল ত্যাগ করার পরেই এই বিশৃঙ্খলার সূত্রপাত হয়।
মঞ্চে রফিকুর রহমান অভিযোগ করেন, প্রার্থী কাসেম সিদ্দিকি প্রচারের সময় দাবি করছেন এলাকায় কোনো উন্নয়ন হয়নি। বিদায়ী বিধায়কের মতে, গত পাঁচ বছরে কাজ হয়নি—এই দাবি ভিত্তিহীন। এই মন্তব্য করতেই কর্মীরা তাঁর হাত থেকে মাইক কেড়ে নেন। সংঘর্ষের জেরে তৃণমূল ছাত্র পরিষদের নেতা মিরাজ মল্লিক গুরুতর জখম হয়েছেন বলে অভিযোগ।
ঘটনা প্রসঙ্গে প্রার্থী কাসেম সিদ্দিকি জানান, তিনি বিধায়কের বিরুদ্ধে কিছু বলেননি বরং বিজেপি ও আইএসএফ কর্মীরাই এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। অন্যদিকে, রফিকুর রহমানের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং দলীয় কোন্দল প্রকাশ্যে আসায় অস্বস্তিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।