হাওড়ায় উদ্ধার চার বছর আগে চুরি যাওয়া পুলিশের পিস্তল ও ব্যাগ, ঘনাচ্ছে রহস্য – বর্তমান নিউজ

হাওড়ায় উদ্ধার চার বছর আগে চুরি যাওয়া পুলিশের পিস্তল ও ব্যাগ, ঘনাচ্ছে রহস্য – বর্তমান নিউজ

নির্বাচনের প্রাক্কালে হাওড়ার আলমপুরে ব্রিজের পাশ থেকে পুলিশের পোশাক, নাইন এমএম পিস্তল এবং কার্তুজ ভর্তি একটি পরিত্যক্ত ব্যাগ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় শ্রমিকরা ঝোপ পরিষ্কার করার সময় ব্যাগটি দেখতে পেয়ে সাঁকরাইল থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগ্নেয়াস্ত্রসহ সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করেছে। উদ্ধার হওয়া পরিচয়পত্র থেকে জানা গেছে, ব্যাগটি হাওড়া গ্রামীণ পুলিশের কর্মী বিশ্বজিৎ ঘোষের।

তদন্তে উঠে এসেছে, ২০২২ সালে ডোমজুরের অঙ্কুরহাটি এলাকা থেকে ডিউটি সেরে ফেরার পথে অসাবধানতাবশত ব্যাগটি হারিয়েছিলেন ওই পুলিশ কর্মী। সিসিটিভি ফুটেজে দুই ব্যক্তিকে মোটরবাইকে করে ব্যাগটি নিয়ে পালাতে দেখা গিয়েছিল। এই ঘটনায় তখন চুরির মামলা রুজু হওয়ার পাশাপাশি ওই কর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়। দীর্ঘ চার বছর ধরে তল্লাশি চালিয়েও তখন ব্যাগটির কোনো হদিশ মেলেনি।

চার বছর পর হঠাত ব্যাগটি উদ্ধার হওয়ায় নতুন করে রহস্য দানা বেঁধেছে। এতদিন ধরে এই আগ্নেয়াস্ত্র ও পুলিশের পোশাক কোনো অপরাধমূলক কাজে ব্যবহৃত হয়েছে কি না, তা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। হাওড়া সিটি পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সামগ্রীগুলো চিহ্নিত করা হয়েছে এবং নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *