বসিরহাটে ভোটার তালিকা থেকে ৩৪০ জনের নাম বাদ, উত্তাল উত্তর ২৪ পরগনা – বর্তমান নিউজ

উত্তর ২৪ পরগনার বসিরহাট উত্তর বিধানসভার ৫ নম্বর বুথে ভোটার তালিকা সংশোধনীকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। বেগমপুর বিবিপুর গ্রাম পঞ্চায়েতের বড় গোবরা গ্রামে মোট ৯৯২ জন ভোটারের মধ্যে ৩৪০ জনের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। চাঞ্চল্যকর বিষয় হলো, বাদ পড়া ব্যক্তিদের তালিকায় খোদ বুথ লেভেল অফিসার (BLO) শফিউল আলমের নামও রয়েছে। নির্দিষ্ট একটি সম্প্রদায়ের এত বিপুল সংখ্যক মানুষের নাম বাদ পড়ায় এলাকায় সাম্প্রদায়িক ও রাজনৈতিক বৈষম্যের অভিযোগ উঠছে।
বিএলও শফিউল আলমের দাবি, কমিশনের নির্দেশিকা মেনে প্রয়োজনীয় সমস্ত নথি আপলোড করা সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই নামগুলো বাতিল করা হয়েছে। স্থানীয় ভোটারদের অভিযোগ, নথিপত্র জমা দেওয়ার পরেও রাজনৈতিক চাপের মুখে নির্বাচন কমিশন এই পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে শুনানিতে ডাকা ব্যক্তিদের নামই তালিকায় স্থান পায়নি, যা নিয়ে ক্ষতিগ্রস্ত ভোটাররা ক্ষোভ প্রকাশ করেছেন। এই ঘটনায় কয়েক’শ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন।
পরিস্থিতি মোকাবিলায় বিএলও এবং স্থানীয়রা বিডিও (BDO) ও ইআরও-র (ERO) দ্বারস্থ হলেও কোনো সন্তোষজনক ব্যাখ্যা বা প্রতিকার মেলেনি। প্রশাসনের পক্ষ থেকে কোনো সদর্থক সাড়া না পাওয়ায় ক্ষুব্ধ ভোটাররা এখন ট্রাইব্যুনালের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করছেন। নির্বাচনের মুখে এত বড় সংখ্যক ভোটারের নাম বাদ পড়ার ঘটনা বসিরহাটের রাজনৈতিক সমীকরণকে নতুন করে জটিল করে তুলেছে।