বঙ্গ বিজেপিতে ভিনরাজ্যের নেতাদের ‘ফাঁকিবাজি’ নিয়ে সরব নীতিন নবীন, তুঙ্গে বিতর্ক – বর্তমান নিউজ

বাংলা দখলের লক্ষ্যে কেন্দ্রীয় নেতৃত্বের পাঠানো ভিনরাজ্যের নেতাদের একাংশের বিরুদ্ধে ‘ফাঁকিবাজি’র অভিযোগ তুলে সরব হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। বুধবার নিউটাউনের এক অভিজাত হোটেলে আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকে তিনি স্পষ্টভাবে জানান যে, নির্বাচনের সময় কোনো অজুহাতে ছুটি মঞ্জুর করা হবে না। বিশেষ প্রয়োজনে কেবল পর্যবেক্ষক সুনীল বনসলের অনুমতি সাপেক্ষে ছাড় মিলতে পারে।
দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল যে, ‘ডেপুটেশনে’ আসা ভিনরাজ্যের অনেক নেতা বাংলায় কাজ করার বদলে এলাহি আতিথেয়তা উপভোগ করছেন এবং ঘনঘন নিজের রাজ্যে গিয়ে সময় কাটাচ্ছেন। জেলা স্তরের বিজেপি নেতাদের মধ্যে এই নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছিল। স্থানীয় কর্মীদের অভিযোগ, মাঠপর্যায়ে লড়াইয়ের বদলে বহিরাগত নেতারা দলীয় তহবিলের অপব্যবহার এবং বিলাসবহুল জীবনযাপনেই বেশি মত্ত।
নীতিন নবীনের এই কড়া বার্তায় স্বস্তি প্রকাশ করেছেন বঙ্গ বিজেপির একাংশ। দলের অভ্যন্তরে জমা হওয়া পাহাড়প্রমাণ অভিযোগের ভিত্তিতেই এই ‘নবীন দাওয়াই’ প্রয়োগ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এখন দেখার, কেন্দ্রীয় সভাপতির এই কড়া হুঁশিয়ারি নির্বাচন পরিচালনায় নিযুক্ত ভিনরাজ্যের নেতাদের কার্যকলাপে কতটা পরিবর্তন আনতে পারে এবং সাংগঠনিক সংঘাত মেটাতে সক্ষম হয় কি না।