পর্যবেক্ষক নিয়োগে ‘পক্ষপাতিত্বের’ অভিযোগ, কমিশনের নিরপেক্ষতা নিয়ে সরব তৃণমূল – বর্তমান নিউজ

বাংলার চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে নিযুক্ত পর্যবেক্ষকদের ভূমিকা ও নিরপেক্ষতা নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার তৃণমূল ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও সাংসদ সায়নী ঘোষ অভিযোগ করেন, কমিশন বিজেপির ‘বি-টিম’ হিসেবে কাজ করছে। তাঁদের দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পরামর্শে বেছে বেছে বিতর্কিত ব্যক্তিদের বাংলায় পর্যবেক্ষক হিসেবে পাঠানো হয়েছে।
তৃণমূলের পক্ষ থেকে অজয় কাটেসরিয়া, ধীরজ কুমার, অরিন্দম ডাকুয়া এবং গণ্ডম চন্দ্রুডুর নাম উল্লেখ করে তাঁদের অতীত কর্মকাণ্ড সামনে আনা হয়। শাসকদলের অভিযোগ, এই আধিকারিকদের বিরুদ্ধে জমি কেলেঙ্কারি, টেন্ডার দুর্নীতি ও ব্যক্তিগত রাজনৈতিক ঘনিষ্ঠতার মতো গুরুতর অভিযোগ রয়েছে। বিশেষ করে ওড়িশার বিজেপি মুখ্যমন্ত্রীর প্রাক্তন ব্যক্তিগত সচিবকে পর্যবেক্ষক নিয়োগ করা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জোড়া-ফুল শিবির।
রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের রদবদল এবং পুলিশ পর্যবেক্ষকদের পারিবারিক রাজনৈতিক যোগসূত্র নিয়ে প্রশ্ন তুলে কমিশনের স্বচ্ছতা নিয়ে সংশয় প্রকাশ করেছে তৃণমূল। সায়নী ঘোষের দাবি, ইডি-সিবিআই দিয়ে সুবিধা করতে না পেরে এখন কমিশনকে হাতিয়ার করছে বিজেপি। শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে কমিশনের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে এই নিয়োগ প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করেছে রাজ্যের শাসকদল।