যুক্তরাষ্ট্রের হামলার পাল্টায় বাব আল-মান্দাব প্রণালী অবরোধের হুঁশিয়ারি ইরানের – বর্তমান নিউজ

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সামরিক উত্তেজনা এক নতুন মোড় নিয়েছে। তেহরান স্পষ্টভাবে সতর্ক করেছে যে, আমেরিকা যদি ইরানের ওপর সামরিক চাপ বৃদ্ধি বা দক্ষিণ ইরানে কোনো উস্কানিমূলক পদক্ষেপ নেয়, তবে তারা আন্তর্জাতিক সমুদ্রপথে ‘নতুন চমকপ্রদ ফ্রন্ট’ খুলে দেবে। মূলত হরমুজ প্রণালীর পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালী অবরোধের প্রতি ইঙ্গিত করেই এই কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান।
সামরিক সূত্রের দাবি, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইজরায়েল যৌথ হামলার পর থেকেই পরিস্থিতির অবনতি ঘটেছে। লোহিত সাগর ও ভারত মহাসাগরকে সংযোগকারী এই বাব আল-মান্দাব প্রণালীটি বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান ধমনী। ইরান জানিয়েছে, তাদের এই জলপথে বিশ্বাসযোগ্য হুমকি তৈরি করার পূর্ণ সক্ষমতা রয়েছে। হরমুজ প্রণালীতে মার্কিন হস্তক্ষেপের পাল্টা জবাব হিসেবে এই বিকল্প ফ্রন্টটি ব্যবহার করা হতে পারে।
এই সম্ভাব্য অবরোধের ফলে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তায় বড় বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ও তেল পরিবহনে অচলাবস্থা তৈরি হলে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা দেখা দেবে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের উন্নত ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এই অঞ্চলে নৌ-নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে, যা বর্তমান ভূ-রাজনৈতিক সংকটকে আরও জটিল করে তুলছে।