আইপিএল ২০২৬: শোকাতুর আবহে উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত বিসিসিআইয়ের – বর্তমান নিউজ

আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসরে থাকছে না কোনো জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। গত বছরের ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) শিরোপা উদযাপনের সময় পদপিষ্ট হয়ে ১১ জন সমর্থকের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশার্থেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতেই এবার বলিউড তারকাদের নাচ-গান বা আলোর ঝলকানি পরিহার করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের জাঁকজমক না থাকলেও টুর্নামেন্টের সমাপ্তি ঘিরে বড় পরিকল্পনার আভাস দিয়েছে বোর্ড। আগামী ৩১ মে ফাইনালের দিন একটি বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান আয়োজিত হতে পারে। তবে লিগের শুরুর দিনটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত অনুরাগীদের স্মরণে। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি বনাম সানরাইজার্স হায়দরাবাদের উদ্বোধনী ম্যাচে ১১টি আসন ফাঁকা রাখা হবে এবং ক্রিকেটাররা বিশেষ জার্সি পরে মাঠে নামবেন।
মাঠের লড়াইয়ের পাশাপাশি এবার আরসিবির মালিকানাতেও এসেছে ঐতিহাসিক পরিবর্তন। আদিত্য বিড়লা গ্রুপের নেতৃত্বাধীন কনসোর্টিয়াম রেকর্ড ১৬,৬৬০ কোটি টাকায় ফ্র্যাঞ্চাইজিটি কিনে নিয়েছে, যা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ। ইউনাইটেড স্পিরিটস লিমিটেড থেকে মালিকানা হস্তান্তরের পর আর্যমান বিক্রম বিড়লা এখন দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। নতুন মালিকানায় যাত্রা শুরু করলেও এবারের আসরের সূচনা হচ্ছে উৎসবের বদলে এক গম্ভীর ও সশ্রদ্ধ পরিবেশে।