শীতলকুচি বিধানসভায় ত্রিমুখী লড়াই: আত্মীয়ের বাড়িতে থেকে প্রচারে জোর তৃণমূল প্রার্থীর – বর্তমান নিউজ

শীতলকুচি বিধানসভা কেন্দ্রে ভোটের লড়াই জমে উঠেছে। তৃণমূল কংগ্রেস, বিজেপি ও বাম প্রার্থীরা প্রতিদিন বিভিন্ন এলাকায় দলীয় কর্মীদের নিয়ে জনসংযোগ সারছেন। তৃণমূল প্রার্থী তথা রাজবংশী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যান হরিহর দাস বর্তমানে এই কেন্দ্রের গোঁসাইরহাট হাইস্কুলের শিক্ষক। তিনি কোচবিহার-২ ব্লকের বাসিন্দা হওয়ায় নির্বাচনী প্রচার ও দলীয় সমন্বয়ের সুবিধার্থে শীতলকুচিতে এক আত্মীয়ের বাড়িতে থাকছেন। তবে জানা গিয়েছে, স্থানীয়ভাবে তিনি একটি বাড়িও ভাড়া নিয়েছেন।
প্রচারের ময়দানে তৃণমূল প্রার্থী জানান, দীর্ঘ শিক্ষকতার সূত্রে শীতলকুচি তাঁর অত্যন্ত পরিচিত এলাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থার মর্যাদা দিতে তিনি সকাল থেকে সন্ধ্যা মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। অন্যদিকে, বিজেপি এবার বিদায়ী বিধায়কের বদলে মহিলা মোর্চার জেলা সহ-সভানেত্রী সাবিত্রী বর্মনকে প্রার্থী করেছে। সাবিত্রীদেবী জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এবং বিদায়ী বিধায়কসহ দলের সকলেই তাঁকে প্রচারে পূর্ণ সহযোগিতা করছেন বলে তিনি দাবি করেছেন।
বামফ্রন্টের হয়ে প্রচারে পিছিয়ে নেই সিপিএম প্রার্থী তথা পেশায় আইনজীবী নমদীপ্তি অধিকারী। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনেও তিনি এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পুরনো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি বিভিন্ন এলাকায় ব্যাপক প্রচার চালাচ্ছেন এবং সাধারণ মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন। সব মিলিয়ে শীতলকুচি কেন্দ্রে ঘাসফুল, পদ্ম ও কাস্তে-হাতুড়ির মধ্যে এক কড়া টক্করের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।