জ্বালানি মজুত নিয়ে দুশ্চিন্তার কারণ নেই, অভয় দিল কেন্দ্র – বর্তমান নিউজ

পশ্চিম এশিয়ায় চলমান অস্থিরতার মাঝে ভারতের জ্বালানি নিরাপত্তা নিয়ে বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, বর্তমানে দেশে আগামী ৬০ দিনের ব্যবহারের জন্য পর্যাপ্ত অপরিশোধিত তেল ও জ্বালানি মজুত রয়েছে। হরমুজ প্রণালী ঘিরে উদ্ভূত উত্তেজনার প্রভাব ভারতের সরবরাহে পড়বে না বলে আশ্বস্ত করেছেন আধিকারিকরা।
সরকারি তথ্য অনুযায়ী, ভারত বর্তমানে বিশ্বের ৪০টিরও বেশি সরবরাহকারীর কাছ থেকে তেল সংগ্রহ করছে। ফলে কোনো নির্দিষ্ট অঞ্চলের ওপর নির্ভরশীলতা কমেছে। বর্তমানে দেশের সবকটি রিফাইনারি ১০০ শতাংশেরও বেশি সক্ষমতায় কাজ করছে। এছাড়া ভারতের কৌশলগত মজুত ও বিপণন সংস্থাগুলোর আমদানি পরিকল্পনা মিলিয়ে প্রায় দুই মাসের ব্যাকআপ নিশ্চিত করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো তেলের ঘাটতি সংক্রান্ত গুজব উড়িয়ে দিয়ে সরকার জানিয়েছে, পেট্রোল, ডিজেল বা এলপিজি-র কোনো অভাব নেই। দেশীয় উৎপাদন বৃদ্ধি এবং রাশিয়া ও আমেরিকার মতো দেশ থেকে নিয়মিত সরবরাহ আসায় পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। জনগণকে আতঙ্কিত না হয়ে শুধুমাত্র সরকারি তথ্যের ওপর ভরসা রাখার আহ্বান জানানো হয়েছে।