ফেরত আসতেই হবে দেশে: নীরব মোদির শেষ চাল খারিজ ব্রিটিশ আদালতে – বর্তমান নিউজ

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক জালিয়াতি মামলায় অভিযুক্ত পলাতক হীরা ব্যবসায়ী নীরব মোদির ভারত প্রত্যার্পণ রুখতে করা শেষ আবেদনটিও খারিজ করে দিল লন্ডনের আদালত। ভারতীয় তদন্তকারী সংস্থাগুলির হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের আশঙ্কার অজুহাত দিয়ে মামলাটি পুনরায় খোলার আর্জি জানিয়েছিলেন তিনি। তবে আদালতের এই সিদ্ধান্তের ফলে তাঁর দেশে ফেরার পথ এখন সময়ের অপেক্ষা মাত্র।
শুনানি চলাকালীন নীরবের আইনজীবী মামলার সপক্ষে একাধিক যুক্তি দিলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের বিরোধিতায় আদালত আবেদনটি নাকচ করে দেয়। বিচারপতিদের বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, এই পর্যায়ে নতুন করে শুনানির কোনো প্রয়োজন নেই। ২০১৯ সালে লন্ডনে গ্রেপ্তারের পর থেকেই বিভিন্ন আইনি জটিলতা তৈরি করে প্রত্যার্পণ প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা চালাচ্ছিলেন এই ব্যবসায়ী।
ব্যাংক জালিয়াতির পর দেশ ছাড়া নীরব মোদি বর্তমানে লন্ডনের জেলে বন্দি। ইডি ইতিমধ্যেই তাঁর বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এবং একটি ফ্ল্যাট বিক্রির অনুমতিও মিলেছে। ব্রিটিশ সরকারের সঙ্গে ভারত সরকারের নিরবচ্ছিন্ন আলোচনার মাধ্যমে নীরবকে দেশে ফিরিয়ে এনে সিবিআই হেফাজতে নেওয়ার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।