হরমুজ প্রণালীতে ভারতের জন্য বিশেষ ছাড় ইরানের, জারি থাকছে মার্কিন-ইজরায়েল নিষেধাজ্ঞা – বর্তমান নিউজ

হরমুজ প্রণালীতে ভারতের জন্য বিশেষ ছাড় ইরানের, জারি থাকছে মার্কিন-ইজরায়েল নিষেধাজ্ঞা – বর্তমান নিউজ

মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে ভারতসহ নির্দিষ্ট কিছু বন্ধু দেশের জাহাজ চলাচলে সবুজ সংকেত দিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত, রাশিয়া, চিন, পাকিস্তান ও ইরাকের মতো মিত্র দেশগুলোর বাণিজ্যিক জাহাজ এই জলপথ দিয়ে নিরাপদে যাতায়াত করতে পারবে। মুম্বইয়ে অবস্থিত ইরানের কনস্যুলেট জেনারেল এই খবরের সত্যতা নিশ্চিত করে বিশ্ববাজারে স্বস্তি বাড়িয়েছেন।

তবে এই বিশেষ সুবিধা সব দেশের জন্য প্রযোজ্য নয়। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট করেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইজরায়েল এবং সংঘাতে জড়িত নির্দিষ্ট কিছু উপসাগরীয় দেশের জাহাজের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জ্বালানি করিডর আংশিক বন্ধ থাকায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ ছড়িয়েছে। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও বিশ্বজুড়ে তেল ও সার সরবরাহ স্বাভাবিক রাখতে দ্রুত এই জলপথ পুরোপুরি খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ভারতের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, ভারতের ব্যবহৃত অপরিশোধিত তেলের প্রায় ৪০ শতাংশ এবং এলএনজি-র ৫৪ শতাংশ এই হরমুজ প্রণালী দিয়েই আমদানী করা হয়। বিশ্বজুড়ে তেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটার আশঙ্কার মাঝে ইরানের এই পদক্ষেপ ভারতের মতো বড় ক্রেতাদের জন্য বড়সড় স্বস্তি বয়ে আনল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *