আরজি কর কাণ্ড: প্রশিক্ষণ ছাড়াই লিফটম্যান নিয়োগের বিস্ফোরক তথ্য – বর্তমান নিউজ

আরজি কর হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় ধৃত তিন লিফটম্যানকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে লালবাজারের গোয়েন্দারা। তদন্তে জানা গেছে, গত ফেব্রুয়ারিতে নিয়োগ পাওয়া এই কর্মীদের দুর্যোগ মোকাবিলায় কোনও পেশাদার প্রশিক্ষণ দেওয়া হয়নি। ধৃতদের দাবি, কেবল লিফট চালানো এবং যান্ত্রিক গোলযোগে লিভার টানার প্রাথমিক পাঠ দিয়েই তাঁদের কাজে নিয়োগ করেছিল সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থা।
পুলিশি জেরায় অভিযুক্তরা স্বীকার করেছেন যে, রাতে সুপারভাইজার না থাকায় তাঁরা ডিউটির সময় লিফটে থাকতেন না। ঘটনার দিনও তাঁরা কেউ ঘুমোচ্ছিলেন বা আড্ডায় ব্যস্ত ছিলেন। দুর্ঘটনার সময় চিৎকার শুনে তাঁরা বেসমেন্টে গেলেও পরিস্থিতির ভয়াবহতা বুঝতে ব্যর্থ হন। উল্টে ভুল পদ্ধতিতে লিফট ওপরে তোলার চেষ্টা করায় অরূপবাবু লিফট ও দেওয়ালের মাঝে পিষে যান।
নিরাপত্তার এই চরম গাফিলতি সামনে আসায় এবার সংশ্লিষ্ট সংস্থাকে তলব করতে চলেছে পুলিশ। যথাযথ প্রশিক্ষণ ছাড়া কীভাবে গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালে কর্মী নিয়োগ করা হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। ডিউটি চলাকালীন কর্মীদের এই দায়িত্বজ্ঞানহীনতা এবং পরিকাঠামোগত ত্রুটিই এক মর্মান্তিক প্রাণহানির কারণ হয়ে দাঁড়াল বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে।