সুপ্রিম কোর্টের নির্দেশে ধাক্কা খেয়ে আরও বেপরোয়া ট্রাম্প: বিশ্বজুড়ে আমদানি শুল্ক বেড়ে ১৫ শতাংশ

মার্কিন সুপ্রিম কোর্ট আমদানিশুল্ক বাতিলের নির্দেশ দিলেও পিছু হঠতে নারাজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্টে ১০ শতাংশ গ্লোবাল শুল্ক রাতারাতি বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন তিনি। সম্প্রতি আমেরিকার শীর্ষ আদালত ট্রাম্পের আগের শুল্ক নীতিকে ক্ষমতার অপব্যবহার এবং নিয়মবিরুদ্ধ বলে ঘোষণা করে। ১৯৭৭ সালের একটি জরুরি আইন ব্যবহার করে তিনি যে কর চাপিয়েছিলেন, ৬-৩ বিচারপতির রায়ে তা অবৈধ বলে সাব্যস্ত হয়।
আদালতের এই সিদ্ধান্তকে ‘আমেরিকা-বিরোধী’ আখ্যা দিয়ে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর অনড় অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানান, কয়েক দশক ধরে আমেরিকাকে শোষণ করা দেশগুলোর ওপর এখন থেকে বর্ধিত শুল্ক কার্যকর হবে। উল্লেখ্য, ২০২৫ সাল পর্যন্ত আমদানিশুল্ক বাবদ ১৩.৩৫ হাজার কোটি ডলার আয় হলেও আদালত টাকা ফেরতের বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশ দেয়নি। ট্রাম্পের এমন পদক্ষেপে বিশ্ব বাণিজ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।