ইরান-আমেরিকা সংঘাত: ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় মার্কিন যুদ্ধজাহাজ

পরমাণু চুক্তি নিয়ে দীর্ঘস্থায়ী অচলাবস্থার জেরে ইরান ও আমেরিকার মধ্যে সামরিক উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। মার্কিন সংবাদমাধ্যমের দাবি, চলতি সপ্তাহেই তেহরানে হামলা চালাতে পারে ওয়াশিংটন। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, তবে পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করছেন তিনি। আলোচনার পথ খোলা থাকলেও চুক্তি না হলে যুদ্ধের হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছেন ট্রাম্প।
হোয়াইট হাউসকে মার্কিন সেনারা স্পষ্ট জানিয়েছে যে, তারা যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং এখন কেবল রাষ্ট্রপতির অনুমতির অপেক্ষা। এদিকে, মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াতে আমেরিকা ইতিমধ্যেই দুটি শক্তিশালী যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং আব্রাহাম লিঙ্কনের মতো রণতরীগুলো এখন গন্তব্যের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে।
এই রণতরীগুলোর সঙ্গে রয়েছে তিনটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার—ইউএসএস মাহান, ইউএসএস বেইনব্রিজ ও ইউএসএস উইনস্টন চার্চিল। এছাড়া বেশ কিছু অত্যাধুনিক যুদ্ধবিমানও প্রস্তুত রাখা হয়েছে। ওয়াশিংটন শেষ মুহূর্ত পর্যন্ত কূটনৈতিক সমাধানের আশা রাখলেও, পরিস্থিতির অবনতি ঘটলে যেকোনো সময় রণক্ষেত্রে নামতে পারে মার্কিন সেনাবাহিনী। এই সামরিক সজ্জা গোটা বিশ্বের নজর কেড়েছে।