আগরতলায় রাজভাষা সম্মেলন: অমিত শাহের উপস্থিতিতে নজর ককবরক বিতর্কে

আগরতলায় রাজভাষা সম্মেলন: অমিত শাহের উপস্থিতিতে নজর ককবরক বিতর্কে

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আগামীকাল আগরতলার হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে সংযুক্ত আঞ্চলিক রাজভাষা সম্মেলনের উদ্বোধন করবেন। এই মেগা সম্মেলনে উত্তর, পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের মোট ১৮টি রাজ্যের প্রায় ৩,০০০ প্রতিনিধি ও ব্যাংকিং খাতের বরিষ্ঠ আধিকারিকরা অংশ নেবেন। হিন্দি ভাষার প্রচার ও প্রসারে বিশেষ অবদানের জন্য অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তি ও সংস্থাকে প্রায় ৮০টি আঞ্চলিক পুরস্কারে ভূষিত করা হবে।

সম্মেলনের প্রাক্কালে কেন্দ্রীয় রাজভাষা সচিব অংশুলী আর্য্য স্পষ্ট করেছেন যে, হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই। সংবিধানের ৩৪৩ থেকে ৩৫১ নম্বর ধারা অনুযায়ী আঞ্চলিক ভাষাগুলোর সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। তবে বর্তমানে ত্রিপুরার রাজনীতিতে ককবরক ভাষার লিপি নিয়ে শাসক জোটের অন্দরে বিতর্ক তুঙ্গে রয়েছে। মুখ্যমন্ত্রী রোমান লিপির বিরোধিতা করলেও জোট শরিক তিপ্রা মথা ও আইপিএফটি নিজেদের দাবিতে অনড়।

এই লিপি বিতর্ক প্রসঙ্গে সচিব জানান, বিষয়টি বর্তমানে রাজ্য সরকারের বিবেচনাধীন এবং কেন্দ্র এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত প্রস্তাব পায়নি। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে হিন্দি ভাষাকে সমৃদ্ধ করার পাশাপাশি অন্যান্য আঞ্চলিক ভাষার সাহিত্য সংরক্ষণেও সরকার গুরুত্ব দিচ্ছে। অমিত শাহের এই সফর চলাকালীন ককবরক লিপি ইস্যু এবং রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর ওয়াকিবহাল মহলের। আগামীকাল সম্মেলন শেষে তিনি আসামের উদ্দেশ্যে রওনা দেবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *