রাহুল গান্ধীকে খুনের হুমকি: রাজস্থানে গ্রেফতার করনী সেনা নেতা

লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপমানের বদলা নিতে রাহুল গান্ধীসহ ১৫ জন বিরোধী নেতাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে রাজস্থানের কোটা থেকে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত রাজ সিং স্থানীয় করনী সেনার নেতা হিসেবে পরিচিত। সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তিনি সরাসরি রাহুল গান্ধীকে লক্ষ্য করে কুরুচিকর মন্তব্য ও প্রাণনাশের হুমকি দেন।
ভিডিওতে রাজ দাবি করেন, বাজেট অধিবেশনে রাহুল গান্ধীর নির্দেশেই স্পিকারকে অপমান করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে বিরোধী সাংসদদের গ্রেফতার না করা হলে তাঁদের বাড়িতে ঢুকে গুলি করার হুঁশিয়ারিও দেন তিনি। বিষয়টি নজরে আসতেই কোটার পুলিশ সুপার তেজস্বিনী গৌতমের নির্দেশে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। যদিও ধৃতের সাংগঠনিক পরিচয় খতিয়ে দেখছে প্রশাসন।
ঘটনার সূত্রপাত স্পিকারের বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব জমা দেওয়াকে কেন্দ্র করে। গত ১০ ফেব্রুয়ারি কংগ্রেসসহ বিরোধী দলগুলো ওম বিড়লার বিরুদ্ধে ‘পক্ষপাতমূলক’ আচরণের অভিযোগ তুলে লোকসভায় নোটিশ জমা দেয়। এই রাজনৈতিক সংঘাতের আবহে খুনের হুমকির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।