বিশ্বকাপ থেকে বিদায়: অস্ট্রেলীয় ক্রিকেটারদের পারফরম্যান্সের ‘ফরেনসিক রিভিউ’ করবে বোর্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে অস্ট্রেলিয়ার অপ্রত্যাশিত বিদায়ে দেশটির ক্রিকেটে চরম সংকট তৈরি হয়েছে। টুর্নামেন্টের অন্যতম দাবিদার হওয়া সত্ত্বেও জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার কাছে হার এবং প্রতিকূল আবহাওয়ার কারণে বিদায় নিতে হয় মিচেল মার্শদের। দলের এমন বিপর্যয় খতিয়ে দেখতে ক্রিকেটাররা দেশে ফিরলেই বিশেষ ‘ফরেনসিক রিভিউ’ বা চুলচেরা বিশ্লেষণের ঘোষণা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
অজি নির্বাচক টনি ডোডমেড জানিয়েছেন, বিশ্বকাপের এই হতাশাজনক ফলাফল বোর্ডকে ভাবিয়ে তুলেছে। তিনি স্পষ্ট করেন যে, ওমানের বিরুদ্ধে শেষ ম্যাচের পর দেশে ফিরলে পারফরম্যান্স নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হবে। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে যাতে দল আবার ছন্দে ফিরতে পারে।
নির্বাচক কমিটির মতে, কোনো আবেগ নয় বরং নিরপেক্ষ ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে ব্যর্থতার কারণগুলো চিহ্নিত করা হবে। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হিসেবে অস্ট্রেলিয়া সরাসরি খেলার সুযোগ পেলেও, নিজেদের মাটিতে শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারে এখন থেকেই দীর্ঘমেয়াদি রোডম্যাপ তৈরি করতে চায় বোর্ড। লক্ষ্য হলো প্রতিটি বৈশ্বিক টুর্নামেন্টে অজিদের আধিপত্য বজায় রাখা।