সেনার পোশাকের রঙ বদল নিয়ে মোহন ভাগবতের ভাইরাল ভিডিও ভুয়ো, জানাল কেন্দ্র

ভারতীয় সেনাবাহিনীর উর্দির রঙ গেরুয়া করার দাবিতে আরএসএস প্রধান মোহন ভাগবতের একটি ভিডিও সমাজমাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দলিত বিরোধী মন্তব্য এবং ২০২৮ সালের মধ্যে সেনাবাহিনীতে বড়সড় রদবদল নিয়ে বিতর্কিত দাবি করতে শোনা যায় তাকে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই দেশজুড়ে শুরু হয় তীব্র রাজনৈতিক সমালোচনা ও চর্চা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরোর (PIB) ফ্যাক্ট চেক টিম তদন্তের পর সাফ জানিয়েছে যে, মোহন ভাগবতের এই ভিডিওটি সম্পূর্ণ ভুয়ো এবং ভিত্তিহীন। অত্যাধুনিক ‘ডিপ ফেক’ প্রযুক্তি ব্যবহার করে আরএসএস প্রধানের কণ্ঠস্বর ও দৃশ্য বিকৃত করা হয়েছে বলে দাবি করেছে কেন্দ্র।
কেন্দ্রীয় সংস্থাটি স্পষ্ট করেছে যে, সেনাবাহিনীর পোশাক পরিবর্তন বা নির্দিষ্ট কোনো সম্প্রদায়কে বহিষ্কার সংক্রান্ত কোনো আবেদন প্রধানমন্ত্রীকে জানানো হয়নি। সাধারণ মানুষকে এই ধরনের বিভ্রান্তিকর এবং কৃত্রিমভাবে তৈরি ভিডিও থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে ভিডিওটির উৎস এবং নেপথ্যে থাকা চক্রটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।