বম্বে হাইকোর্টের ঐতিহাসিক রায়: মায়ের পরিচয়েই বড় হবে ধর্ষণের শিকার নারীর সন্তান

ধর্ষণের ফলে জন্ম নেওয়া সন্তান এখন থেকে বাবার বদলে মায়ের পরিচয়ে পরিচিত হতে পারবে বলে এক নজিরবিহীন রায় দিয়েছে বম্বে হাইকোর্ট। সম্প্রতি এক ১২ বছরের কিশোরী ও তার মায়ের আবেদনের ভিত্তিতে বিচারপতি বিভা কঙ্কনওয়ারি এবং বিচারপতি হিতেন এস ভেনেগাওকারের বেঞ্চ এই যুগান্তকারী সিদ্ধান্ত জানায়। আদালত স্পষ্ট করে দিয়েছে যে, শিশুকে কোনো অপরাধীর পদবী বহন করতে হবে না এবং স্কুলের নথিতে মায়ের নাম ও ধর্ম ব্যবহার করা যাবে।
মামলাটির প্রেক্ষাপটে জানা যায়, ধর্ষণের শিকার এক নারী তার কন্যাসন্তানকে একাই বড় করছেন। ইতিপূর্বে ডিএনএ পরীক্ষার ভিত্তিতে স্কুলের নথিতে অভিযুক্ত বাবার নাম যুক্ত করা হয়েছিল। কিন্তু শিক্ষা দফতর সেই পরিচয় পরিবর্তনের আবেদন খারিজ করে দিলে বিষয়টি আদালতে গড়ায়। নির্যাতিতার আইনজীবীর যুক্তি ছিল, অভিযুক্ত বাবার নাম থাকলে শিশুটিকে ভবিষ্যতে সামাজিক গ্লানি ও মানসিক চাপের মুখে পড়তে হতে পারে।
আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, পিতৃতান্ত্রিক বাধ্যবাধকতা নয় বরং সংবিধানসম্মত মর্যাদা ও অধিকার নিশ্চিত করাই বিচারব্যবস্থার লক্ষ্য। যিনি একা হাতে সন্তানকে মানুষ করছেন, তার পরিচয়ে সমাজ আরও সভ্য হবে। আদালত জানায়, বাবা যেখানে অপরাধী এবং সন্তানের কোনো দায়িত্ব পালন করেন না, সেখানে তার নাম চাপিয়ে দেওয়া অন্যায়। এই রায় একক মায়েদের আইনি অধিকার রক্ষায় এক নতুন দিশা দেখাল।