প্রতীক উর রহমানকে নিয়ে প্রশ্নে মেজাজ হারালেন সেলিম, কলার খোসা দেখিয়ে বিতর্ক

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সিপিএমের অভ্যন্তরে চরম অস্বস্তি তৈরি হয়েছে। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দল ছাড়ার আবেদন জানিয়েছেন যুব নেতা প্রতীক উর রহমান। সম্প্রতি নিউটাউনের একটি হোটেলে তৃণমূল নেতা হুমায়ুন কবীরের সঙ্গে সেলিমের বৈঠক ঘিরে বিতর্কের সূত্রপাত। প্রতীকের অভিযোগ, দলে বর্তমানে মুক্ত আলোচনার পরিবেশ নেই এবং নেতৃত্বের নীতি-নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি ইস্তফাপত্র জমা দিয়েছেন।
এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই আলিয়া বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিড়ম্বনায় পড়েন মহম্মদ সেলিম। সেখানে একদল পড়ুয়া তাঁর বক্তব্য বয়কট করেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকরা প্রতীক উর রহমানের দলত্যাগ ও ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে প্রশ্ন করলে তিনি ক্ষুব্ধ হন। কোনো রাজনৈতিক প্রশ্নের উত্তর না দিয়ে দ্রুত গাড়িতে ওঠার সময় তিনি সাংবাদিকদের দিকে হাতের কলার খোসা উঁচিয়ে ধরেন।
নেতার এমন আচরণে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। যদিও বিতর্ক সামাল দিতে সেলিম দাবি করেছেন, সময়ের অভাবে মধ্যাহ্নভোজ সারতে না পেরে তিনি কলা খেয়েছিলেন এবং সেই খোসাটিই কেবল দেখিয়েছেন। তবে নির্বাচনের আগে শীর্ষ নেতৃত্বের এই আচরণ এবং দলের ভেতরে বাড়তে থাকা ফাটল আলিমুদ্দিনের জন্য যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।