রাহুল গান্ধীসহ ২৫ বিরোধী সাংসদকে খুনের হুমকি, কোটা থেকে গ্রেফতার এক যুবক

লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপমানের অভিযোগ তুলে রাহুল গান্ধীসহ ২৫ জন বিরোধী সাংসদকে গুলি করে খুনের হুমকি দেওয়ার অভিযোগে রাজস্থানের কোটা থেকে রাজ সিং নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তি নিজেকে কর্নি সেনার নেতা হিসেবে দাবি করে সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি অভিযোগ করেন, বাজেট অধিবেশনে রাহুল গান্ধীর নির্দেশে বিরোধীরা স্পিকারকে হেনস্তা করেছেন।
ওই ভিডিও বার্তায় রাজ সিং হুমকি দেন যে, বিরোধী সাংসদদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার না করা হলে তিনি তাঁদের ঘরে ঢুকে গুলি করবেন। ঘটনার পর রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। যদিও কর্নি সেনা এবং বিজেপি উভয় পক্ষই ধৃত যুবকের সঙ্গে তাদের কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক থাকার কথা স্পষ্টভবে অস্বীকার করেছে।
এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে কংগ্রেস। দলের সাংসদ কেসি ভেণুগোপাল অভিযোগ করেছেন, বিরোধীদের কণ্ঠরোধ করতে খুনের হুমকি দেওয়া হচ্ছে। অন্যদিকে, পুলিশ ধৃতের প্রকৃত পরিচয় এবং কোনো উগ্রপন্থী সংগঠনের সঙ্গে তাঁর যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। বর্তমানে ধৃত যুবক পুলিশি হেফাজতে রয়েছেন।