সীমান্তবর্তী শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় বিএসএফ-এর বিশেষ উদ্যোগ

সীমান্তবর্তী শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় বিএসএফ-এর বিশেষ উদ্যোগ

দক্ষিণ দিনাজপুরের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষা ও শারীরিক বিকাশে এগিয়ে এল বিএসএফ-এর ১২৩ নম্বর ব্যাটালিয়ন। বৃহস্পতিবার সোনাপাড়া বিওপিতে এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রায়গঞ্জ সেক্টরের ডিআইজি দীনেশ কুমার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার গুরমিত সিং এবং স্থানীয় পঞ্চায়েত সদস্যসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এই কেন্দ্রের মাধ্যমে স্থানীয় শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে এবং সফলভাবে কোর্স সম্পন্নকারীদের প্রশংসাপত্র প্রদান করা হবে। বিএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকার ছাত্রছাত্রীদের আধুনিক শিক্ষায় স্বাবলম্বী করে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য। এর ফলে প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীরা প্রযুক্তির দৌড়ে এগিয়ে থাকার সুযোগ পাবে।

শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। এদিন ফুটবল, ক্রিকেট ও ভলিবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ জীবনযাত্রার বার্তা পৌঁছে দিতেই বিএসএফ-এর এই মানবিক ও সামাজিক উদ্যোগ বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *