জন্মদিনেই শ্রীঘরে ব্রিটেনের প্রাক্তন যুবরাজ অ্যান্ড্রু, নেপথ্যে এপস্টিন কেলেঙ্কারি

জেফ্রি এপস্টিন সংক্রান্ত যৌন কেলেঙ্কারিতে নাম জড়ানোর জেরে এবার গ্রেফতার হলেন ব্রিটেনের প্রাক্তন যুবরাজ অ্যান্ড্রু। বৃহস্পতিবার সকালে সান্ড্রিংহাম প্রাসাদ থেকে তাঁকে হেফাজতে নেয় টেম্স ভ্যালি পুলিশ। কাকতালীয়ভাবে, ৬৬-তম জন্মদিনেই গ্রেফতার হতে হলো রানি এলিজাবেথের তৃতীয় সন্তানকে। সরকারি পদে থাকাকালীন অসৎ আচরণের অভিযোগ খতিয়ে দেখতেই এই পদক্ষেপ বলে তদন্তকারী সূত্রে খবর।
দীর্ঘদিন ধরেই বিতর্ক অ্যান্ড্রুর ছায়াসঙ্গী। নাবালিকাদের যৌন হেনস্থার মতো গুরুতর অভিযোগ তাঁর বিরুদ্ধে আগেও উঠেছে। সম্প্রতি প্রকাশিত ‘এপস্টিন ফাইলে’ তাঁর নাম ও কিছু আপত্তিকর ছবি সামনে আসায় চাপ আরও বাড়ে। যদিও প্রাক্তন এই যুবরাজ শুরু থেকেই তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে এসেছেন।
ব্রিটেনের রাজপরিবারে এই ঘটনা নজিরবিহীন চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বর্তমানে তাঁকে পুলিশের অস্থায়ী ঠিকানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এপস্টিন কাণ্ডে তাঁর ভূমিকা ঠিক কতখানি গভীর, তা খতিয়ে দেখতে জোরদার তদন্ত শুরু হয়েছে। যদিও ব্রিটিশ পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি।