বেলডাঙা কাণ্ড: অভিযুক্তদের সশরীরে হাজিরায় অনীহা পুলিশের, এসকর্ট দিতে চায় এনআইএ

বেলডাঙা কাণ্ড: অভিযুক্তদের সশরীরে হাজিরায় অনীহা পুলিশের, এসকর্ট দিতে চায় এনআইএ

মুর্শিদাবাদের বেলডাঙায় অশান্তির ঘটনায় ধৃত অভিযুক্তদের আদালতে হাজির করা নিয়ে রাজ্য ও কেন্দ্রীয় সংস্থার টানাপড়েন তুঙ্গে। এনআইএ-র অভিযোগ, রাজ্য পুলিশ এসকর্ট দিয়ে অভিযুক্তদের কলকাতায় আনতে অসহযোগিতা করছে, যার ফলে ব্যাহত হচ্ছে তদন্তের গতি। বৃহস্পতিবার শুনানিতে কেন্দ্রীয় সংস্থাটি স্পষ্ট জানায়, আদালত অনুমতি দিলে তারা নিজস্ব এসকর্ট ও কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে অভিযুক্তদের বহরমপুর জেল থেকে কলকাতায় নিয়ে আসতে প্রস্তুত।

রাজ্য পুলিশের পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে, জেলায় একাধিক আইনশৃঙ্খলা জনিত কর্মসূচি থাকায় পর্যাপ্ত পুলিশকর্মী পাওয়া যাচ্ছে না। এই নিয়ে তৃতীয়বার অভিযুক্তদের হাজির করানোর নির্দেশ থাকলেও তা কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে এনআইএ। তদন্তকারী সংস্থার আইনজীবী শ্যামল ঘোষ আদালতকে জানান, কেস রেকর্ড ও প্রয়োজনীয় তথ্য না মেলায় হাইকোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে সমস্যা হচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বিচার করে সাতজন অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে এনআইএ।

উল্লেখ্য, ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে গত ১৬ জানুয়ারি রণক্ষেত্র হয়ে ওঠে বেলডাঙা। জাতীয় সড়ক ও রেল অবরোধের পাশাপাশি সংবাদমাধ্যমের ওপর হামলার ঘটনায় উত্তপ্ত হয় এলাকা। পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার গ্রহণ করে এনআইএ। বর্তমানে তদন্তের স্বার্থে ধৃতদের জেরা করা অত্যন্ত জরুরি বলে দাবি করেছে কেন্দ্রীয় এই সংস্থাটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *