আসানসোলে বিজেপির জনসংযোগ ঘিরে উত্তেজনা, তৃণমূলকে পালটা হুঁশিয়ারি গেরুয়া শিবিরের

আসানসোল উত্তর বিধানসভার গোপালপুর এলাকায় বিজেপির জনসংযোগ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির অভিযোগ, কর্মসূচির জন্য জমায়েত হওয়া কর্মীদের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হুমকি দিয়ে এলাকা ছাড়তে বাধ্য করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিজেপি নেতা কৃষ্ণ প্রসাদ। তাঁর দাবি, রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের নির্দেশেই এই পরিকল্পিত হামলা ও ভয় দেখানোর রাজনীতি চলছে।
কৃষ্ণ প্রসাদ স্পষ্ট জানান, তৃণমূল যদি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসায় বা কর্মসূচিতে বাধা দেয়, তবে বিজেপি পিছু হটবে না। বরং বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালিয়ে সাধারণ মানুষের সমস্যার সমাধান করা হবে। এদিনের ঘটনার জেরে এলাকায় সাময়িক অস্থিরতা তৈরি হলেও কৃষ্ণ প্রসাদের উপস্থিতিতে শেষ পর্যন্ত কর্মসূচিটি সম্পন্ন হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে চাপা উত্তেজনা বিরাজ করছে।
তৃণমূলকে কড়া হুঁশিয়ারি দিয়ে বিজেপি নেতা জানান, ভবিষ্যতে গেরুয়া শিবিরের কোনো কর্মসূচিতে বাধা দেওয়া হলে গোটা এলাকায় ‘চাক্কা জ্যাম’ ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। উস্কানিমূলক আচরণ বন্ধ করে উভয় পক্ষকে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর আহ্বান জানান তিনি। তৃণমূলের পক্ষ থেকে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।