করাচিতে বহুতল ভবনে ভয়াবহ বিস্ফোরণ: শিশু ও মহিলাসহ প্রাণ হারালেন ১৬ জন

রমজানের শুরুতেই রক্তক্ষয়ী দুর্ঘটনার সাক্ষী থাকল পাকিস্তান। বৃহস্পতিবার সকালে করাচি শহরের সোলজার বাজার এলাকায় একটি বহুতল ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত শিশু ও মহিলাসহ অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় ভবনটির একটি বড় অংশ ধসে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে ওই ভবনের দ্বিতীয় তলায় একটি গ্যাস সিলিন্ডার ফেটে এই দুর্ঘটনা ঘটে। বিকট শব্দে বিস্ফোরণের পর তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু করে পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রশাসনের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এই ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। বর্তমানে দুর্ঘটনাস্থলে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।