বনগাঁকাণ্ডে তুঙ্গে সংঘাত: তনয়ের বিরুদ্ধে ২ কোটির পাল্টা মানহানি মামলা মিমির

বনগাঁর একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে অভিনেত্রী মিমি চক্রবর্তী ও তনয় শাস্ত্রীর আইনি লড়াই এবার চরম আকার নিল। বুধবার তনয় শাস্ত্রী অভিনেত্রীর বিরুদ্ধে ২০ লক্ষ টাকার মানহানি মামলা দায়ের করার পর, বৃহস্পতিবার পাল্টা জবাব দিলেন মিমি। তিনি তনয়ের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন। মিমির আইনজীবীর দাবি, তারকা অভিনেত্রীকে অকারণে হেনস্থা করা হয়েছে।
দায়ের করা মামলায় মিমি স্পষ্ট শর্ত দিয়েছেন যে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তনয়কে তাঁর করা মামলা তুলে নিতে হবে। এর পাশাপাশি, অভিনেত্রীকে হেনস্থা করার জন্য তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। মিমির পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় স্তরের এই তারকার সম্মানহানি করার উদ্দেশ্যেই তনয় এই পদক্ষেপ নিয়েছিলেন।
অন্যদিকে, মিমির আইনি নোটিস পাওয়ার পর তনয় শাস্ত্রী জানিয়েছেন যে তিনি রাজ্য সরকার এবং দেশের বিচার ব্যবস্থার ওপর পূর্ণ আস্থা রাখছেন। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তিনি ন্যায়বিচার পাবেন বলে আশাবাদী। বনগাঁর এই ঘটনা এখন কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রয়েছে বিনোদন জগৎ ও সাধারণ মানুষের।