রামকৃষ্ণ পরমহংসকে ‘স্বামী’ সম্বোধন মোদীর, কড়া সমালোচনা মমতার

রামকৃষ্ণ পরমহংসকে ‘স্বামী’ সম্বোধন মোদীর, কড়া সমালোচনা মমতার

শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৯১তম জন্মতিথিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করা একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। প্রধানমন্ত্রী তাঁর বার্তায় রামকৃষ্ণদেবকে ‘স্বামী’ বলে সম্বোধন করেন। এর আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিম দা’ বলে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। এবার আধ্যাত্মিক সাধকের নামের আগে এই ‘অপ্রযোজ্য’ বিশেষণ ব্যবহারের তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জানান, রামকৃষ্ণদেব আপামর মানুষের কাছে ‘ঠাকুর’ হিসেবে পূজিত। তাঁর সন্ন্যাসী শিষ্যরা ‘স্বামী’ উপাধি পেলেও স্বয়ং আচার্যদেব এই নামে পরিচিত নন। মুখ্যমন্ত্রীর দাবি, প্রধানমন্ত্রীর এই মন্তব্য বাংলার সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে চরম অজ্ঞতার বহিঃপ্রকাশ। তিনি অবিলম্বে বাংলার মনীষীদের প্রতি এই ধরনের ‘অসংবেদনশীলতা’ বন্ধের অনুরোধ জানান।

তৃণমূল নেতা কুণাল ঘোষও এই বিষয়ে সরব হয়ে প্রধানমন্ত্রীর পোস্টটি দ্রুত সংশোধনের দাবি তুলেছেন। উল্লেখ্য, গত ডিসেম্বরে লোকসভায় বঙ্কিমচন্দ্রকে নিয়ে মোদীর মন্তব্যের বিরোধিতায় সরব হয়েছিল ঘাসফুল শিবির। রামকৃষ্ণ মঠ ও মিশনের ঐতিহ্য অনুসারে ঠাকুর, মা এবং স্বামীজি—এই তিন সত্তা নির্দিষ্ট নামে পরিচিত। সেই পরম্পরা লঙ্ঘিত হওয়ায় বর্তমানে রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *