মায়াপুরে অমিত শাহ: ২৬-এর ভোটের আগে ইসকন ও গৌড়ীয় মঠকে একজোট করার কৌশল

আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বাংলায় ধর্মীয় আবেগ ও আধ্যাত্মিক সংগঠনগুলিকে কাছে টানার কৌশল নিল বিজেপি। বুধবার মায়াপুর ইসকনে গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের ১৫২তম আবির্ভাব দিবসের অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দীর্ঘদিনের নীতিগত মতানৈক্য সরিয়ে রেখে এদিন ইসকন ও গৌড়ীয় মঠ কর্তৃপক্ষকে একই মঞ্চে সক্রিয় দেখা যায়, যা রাজনৈতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
এদিন দুপুরে কলকাতা থেকে হেলিকপ্টারে মায়াপুর পৌঁছে চন্দ্রোদয় মন্দিরে পুজো দেন শাহ। এরপর মূল অনুষ্ঠানে ‘হরে কৃষ্ণ’ ধ্বনি দিয়ে বক্তব্য শুরু করে তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর আদর্শ ও ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর আধ্যাত্মিক অবদানের কথা তুলে ধরেন। তাঁর উপস্থিতিকে কেন্দ্র করে মায়াপুর ও নবদ্বীপ সংলগ্ন এলাকায় নিরাপত্তা ছিল নিশ্ছিদ্র। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই উদ্যোগ বৈষ্ণব ধর্মাবলম্বী ভোটারদের প্রভাবিত করার একটি বড় মাস্টারপ্ল্যান।
দীর্ঘদিন ধরে পৃথকভাবে উৎসব পালন করলেও, এবার প্রশাসনিক অনুমতি ও আয়োজনের ক্ষেত্রে ইসকন ও সারস্বত গৌড়ীয় বৈষ্ণব সঙ্ঘকে সমন্বয় করতে দেখা গেছে। সঙ্ঘের পক্ষ থেকে জানানো হয়েছে, মতপার্থক্য থাকলেও ধর্মীয় প্রয়োজনে তাঁরা একজোট। এর আগে দুবার সফর বাতিল হলেও এবার শাহের উপস্থিতি নিশ্চিত করে বিজেপি বুঝিয়ে দিল যে, বাংলার ভোট রাজনীতিতে সাধুসন্তদের আশীর্বাদ ও হিন্দুত্বের আবেগকে তারা বাড়তি গুরুত্ব দিচ্ছে।