এনআরএস হাসপাতালে চুরির রমরমা: নিরাপত্তার কড়াকড়ি সত্ত্বেও বাড়ছে উদ্বেগ

কলকাতার নীলরতন সরকার (এনআরএস) মেডিক্যাল কলেজ ও হাসপাতালে একের পর এক চুরির ঘটনায় বড়সড় নিরাপত্তাহীনতার অভিযোগ তুলেছেন রোগীর পরিজনেরা। গত ১৯ ফেব্রুয়ারি গভীর রাতে চুরির অভিযোগে দু’জনকে হাতেনাতে পাকড়াও করেন স্থানীয়রা। অভিযোগ, অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেওয়া হলেও যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
ভুক্তভোগীদের দাবি, হাসপাতালের ভেতরে মোবাইল ও টাকা চুরির ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি এক মহিলাকে চুরির অভিযোগে আটক করা হলেও পুলিশ দ্রুত তাকে ছেড়ে দেয় বলে অভিযোগ। এরপর থেকেই ওই মহিলা এবং সন্দেহভাজন দুষ্কৃতীরা রোগীর আত্মীয়দের ক্রমাগত হুমকি ও হেনস্থা করছে বলে জানা গিয়েছে। কর্তব্যরত নিরাপত্তারক্ষীদের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
আরজি কর কাণ্ডের পর তিলোত্তমার সরকারি হাসপাতালগুলিতে সিসিটিভি স্থাপন ও নিরাপত্তা বাহিনীর রদবদল ঘটিয়ে সুরক্ষা বাড়ানোর দাবি জানানো হয়েছিল। প্রশাসন একাধিক সংস্কারের আশ্বাস দিলেও এনআরএস-এর বর্তমান চিত্রটি ভিন্ন। সিসিটিভি এবং পুলিশি প্রহরা থাকা সত্ত্বেও বহিরাগতদের অবাধ যাতায়াত ও দৌরাত্ম্য হাসপাতালের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে পুনরায় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।