‘দ্য কেরালা স্টোরি ২’: মুখ্যমন্ত্রীর সমালোচনার কড়া জবাব দিলেন পরিচালক

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ‘দ্য কেরালা স্টোরি ২’ ছবিটিকে ‘মিথ্যা প্রচার’ ও ‘বিষাক্ত কাজ’ বলে কটাক্ষ করার পর পাল্টা মুখ খুললেন পরিচালক কামাখ্যানারায়ণ সিং। বিজয়নের দাবি ছিল, এই ছবি রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি ক্ষুণ্ণ করার একটি ষড়যন্ত্র।
পরিচালক কামাখ্যা পালটা যুক্তিতে জানান, এটি কোনো কল্পনা নয় বরং তথ্যভিত্তিক চলচ্চিত্র। তাঁর মতে, দেশের জনতাত্ত্বিক কাঠামো পরিবর্তনের লক্ষ্যে তরুণীদের প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তরিত করার যে বাস্তব চিত্র সমাজে বিদ্যমান, সেটিই এখানে তুলে ধরা হয়েছে। দর্শকদের সচেতন করতেই এই সিনেমা নির্মাণ করা হয়েছে।
সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন থেকে ‘ইউ/এ’ সার্টিফিকেট পাওয়া এই ছবিটি আগামী ২৭ ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পেতে চলেছে। কামাখ্যা সমালোচকদের আদালতের নথি ও সংবাদপত্রের রিপোর্ট খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন। বিপুল অমৃতলাল শাহ প্রযোজিত এই ছবিটি নিয়ে বর্তমানে দেশজুড়ে বিতর্ক তুঙ্গে।