ছত্তীসগড়ের স্কুলে ৩৫ পড়ুয়ার হাতে একই ধরনের ক্ষত: চাঞ্চল্য ধামতরী জেলায়

ছত্তীসগড়ের ধামতরী জেলার দাহদাহা গ্রামে এক সরকারি স্কুলের ৩৫ জন পড়ুয়ার হাতে একই ধরনের ব্লেডের ক্ষতচিহ্ন পাওয়া যাওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ২১ জন ছাত্র ও ১৪ জন ছাত্রী স্কুল চত্বরেই নিজেদের হাত কেটেছে বলে অভিযোগ। প্রাথমিকভাবে জানা গেছে, একজনকে অনুকরণ করতে গিয়েই বাকি পড়ুয়ারা এই অস্বাভাবিক কাণ্ড ঘটিয়েছে।
বিগত এক মাস ধরে এই প্রবণতা চললেও স্কুল কর্তৃপক্ষের নজরে না আসায় গাফিলতির অভিযোগ তুলেছেন অভিভাবকরা। গত ১৩ ফেব্রুয়ারি বিষয়টি প্রকাশ্যে আসার পর জেলা প্রশাসনকে জানানো হয়। অভিভাবক ও স্থানীয় মহলে প্রশ্ন উঠেছে, কীভাবে স্কুল চত্বরে ব্লেড পৌঁছালো এবং শিক্ষকরা কেন এতদিন এই আঘাতগুলো লক্ষ্য করলেন না।
সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট নাভ সিং জানিয়েছেন, পড়ুয়াদের ক্ষতগুলো খুব একটা গভীর নয়। কোনো গেমিং চ্যালেঞ্জ বা নেশার যোগসূত্র এখনও মেলেনি। ঘটনার পর পড়ুয়াদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং তাদের মোবাইল ফোন পরীক্ষা করা হচ্ছে। স্কুল কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদার করার আশ্বাস দিলেও সার্বিক নজরদারি নিয়ে সমালোচনা অব্যাহত রয়েছে।