শ্রীরামকৃষ্ণের জন্মতিথিতে সর্বধর্ম সমন্বয়ের বার্তা মুখ্যমন্ত্রীর, তুলে ধরলেন উন্নয়নের খতিয়ান

যুগাবতার শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথিতে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে সমাজমাধ্যমে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রামকৃষ্ণের ‘যত মত তত পথ’ এবং ‘শিবজ্ঞানে জীবসেবা’র আদর্শকে পাথেয় করে চলার অঙ্গীকার করেন তিনি। সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে সর্বধর্ম সমন্বয়ের এই শাশ্বত শিক্ষাই আগামী দিনে রাজ্য সরকারের পথপ্রদর্শক হবে বলে মুখ্যমন্ত্রী জানান।
এই পুণ্যতিথিতে দক্ষিণেশ্বর, কামারপুকুর ও জয়রামবাটির উন্নয়নে তাঁর সরকারের অবদানের কথা স্মরণ করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, রানি রাসমণি স্কাইওয়াক নির্মাণ থেকে শুরু করে দক্ষিণেশ্বর স্টেশনকে মন্দিরের আদলে সাজিয়ে তোলা হয়েছে। এছাড়া, কামারপুকুর ও জয়রামবাটির পরিকাঠামো উন্নয়নে ‘জয়রামবাটি কামারপুকুর ডেভেলপমেন্ট বোর্ড’ গঠনসহ প্রায় ৮০ কোটি টাকা ব্যয় করা হয়েছে।
তীর্থক্ষেত্রগুলোর পর্যটন ও সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণেও কয়েক কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। মানুষের সেবাকেই প্রকৃত ঈশ্বর সেবা হিসেবে বর্ণনা করে মুখ্যমন্ত্রী জানান, এই জ্যোতির্ময় মহাপুরুষের আশীর্বাদ মাথায় নিয়ে তিনি আমৃত্যু জনসেবায় নিয়োজিত থাকবেন। বর্তমানে বেলুর মঠ ও কামারপুকুরে উৎসবের আমেজ এবং ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।