কমিশনের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে এনে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়

ভোটার তালিকা সংশোধন ও বিশেষ সমীক্ষা (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার নিজের এক্স হ্যান্ডেলে কমিশনের অভ্যন্তরীণ হোয়াটসঅ্যাপ চ্যাটের বেশ কিছু স্ক্রিনশট প্রকাশ্যে আনেন তিনি। তাঁর দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে মাইক্রো অবজার্ভারদের মাধ্যমে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে।
অভিষেক অভিযোগ করেন, বিশেষ রোল অবজার্ভার সি. মুরুগন সরকারি পদ্ধতি এড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জন্ম শংসাপত্রের গ্রহণযোগ্যতা নিয়ে বিতর্কিত নির্দেশ দিচ্ছেন। এর ফলে বিশেষত বাঙালিদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তৃণমূল সাংসদের প্রশ্ন, সর্বোচ্চ আদালতের স্বচ্ছতার নির্দেশ থাকা সত্ত্বেও কেন আইনবহির্ভূতভাবে এবং গোপনীয়তার সাথে এই নির্দেশিকা পাঠানো হচ্ছে।
এই ইস্যুতে তৃণমূলের একটি প্রতিনিধি দল রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের সাথে দেখা করে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছেন। সাংসদ মহুয়া মৈত্র ও পার্থ ভৌমিক অভিযোগ করেন যে, পোর্টাল বন্ধ থাকায় বহু মানুষ হয়রানির শিকার হচ্ছেন। কমিশন এই অভিযোগ খতিয়ে দেখার এবং ঝুলে থাকা নামগুলো আপলোড করার জন্য পোর্টাল পুনরায় খোলার বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছে।