কয়লা পাচার কাণ্ড: তথ্য মুছতে মোবাইল ভাঙলেন অভিযুক্ত কিরণ, ফোন পাঠাল ফরেনসিকে

কয়লা পাচার মামলার তদন্তে নয়া মোড়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তল্লাশি চলাকালীন ধৃত কয়লা মাফিয়া কিরণ খাঁ নিজের মোবাইল ফোনটি ভেঙে ফেলেন বলে অভিযোগ। তদন্তকারীদের অনুমান, ওই ফোনে পাচার সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি ও তথ্য ছিল। নষ্ট করা তথ্য পুনরুদ্ধারের উদ্দেশ্যে ভাঙা ফোনটি ইতিমধ্যেই ফরেনসিক ল্যাবে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সম্প্রতি ইডি কয়লা পাচার সিন্ডিকেটের অন্যতম পাণ্ডা চিন্ময় মণ্ডল এবং তাঁর ভাগ্নে কিরণ খাঁকে গ্রেপ্তার করে। ধৃতদের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে টন পিছু ৪০০ থেকে ১৫০০ টাকার তোলাবাজির একটি নির্দিষ্ট ‘রেট চার্ট’ উদ্ধার হয়েছে। অভিযোগ, এই বিপুল পরিমাণ কালো টাকা ভুয়ো দানের মাধ্যমে সাদা করা হতো। ঝাড়খণ্ড ও বাংলার খনি থেকে অবৈধভাবে কয়লা তুলে ভুয়া চালানের মাধ্যমে পাচার চলত।
আদালতের নির্দেশে চিন্ময় মণ্ডলকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ইডি হেফাজত এবং কিরণ খাঁকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়েছে। আসানসোল ও দুর্গাপুর সংলগ্ন খনি অঞ্চল থেকে চলা এই বিশাল দুর্নীতির জাল কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখছে ইডি। ফরেনসিক রিপোর্ট হাতে এলে ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরা করে আরও রাঘববোয়ালদের হদিস মিলতে পারে বলে মনে করা হচ্ছে।