শ্রীরামকৃষ্ণকে ‘স্বামী’ সম্বোধন প্রধানমন্ত্রীর, তীব্র প্রতিবাদে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৯১তম জন্মতিথিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তাঁকে ‘স্বামী’ বলে সম্বোধন করে বিতর্কে জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জ্ঞাপনের সময় রামকৃষ্ণদেবের নামের আগে ‘স্বামী’ উপসর্গটি ব্যবহার করেন তিনি। এর আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়েও প্রধানমন্ত্রীর করা মন্তব্য নিয়ে বিতর্ক হয়েছিল। এবার শ্রীরামকৃষ্ণকে ভুল বিশেষণে সম্বোধন করায় নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
প্রধানমন্ত্রীর এই শব্দ প্রয়োগকে ‘সাংস্কৃতিক অসংবেদনশীলতা’ বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করে জানান, শ্রীরামকৃষ্ণ ঐতিহ্যগতভাবে ‘ঠাকুর’ হিসেবেই পূজিত হন, তাঁর শিষ্যদের জন্য ‘স্বামী’ শব্দটি ব্যবহৃত হয়। রামকৃষ্ণ সম্প্রদায়ের রীতি অনুসারে ঠাকুর হলেন শ্রীরামকৃষ্ণ, মা সারদা এবং স্বামীজি হলেন বিবেকানন্দ। প্রধানমন্ত্রীর এমন ভুল বাংলার মনীষীদের প্রতি অশ্রদ্ধার শামিল বলে তিনি দাবি করেন।
মুখ্যমন্ত্রী আরও অনুরোধ করেন, বাংলার নবজাগরণের মহান ব্যক্তিত্বদের জন্য যেন নতুন কোনো ভুল বিশেষণ তৈরি না করা হয়। এদিন শ্রীরামকৃষ্ণের জন্মতিথিতে পৃথক বার্তায় সশ্রদ্ধ প্রণাম জানিয়ে তাঁর সর্বধর্ম সমন্বয়ের আদর্শের কথা স্মরণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর এই ‘ভুল’ শুধরে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বাংলার সাংস্কৃতিক উত্তরাধিকার রক্ষার ওপর জোর দিয়েছেন।