বিজেপির প্রার্থী হতে চান দিলীপ-পত্নী রিঙ্কু, জল্পনার মাঝে মুখ খুললেন প্রাক্তন রাজ্য সভাপতি

বিজেপির রাজ্য দপ্তরে প্রার্থী হওয়ার আবেদন জানিয়ে জীবনপঞ্জি জমা দিয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। গত ৩১ জানুয়ারি সল্টলেকের দলীয় কার্যালয়ে গিয়ে তিনি মেদিনীপুর শহর, বীজপুর অথবা নিউটাউন—এই তিনটির মধ্যে যেকোনো একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। ২০১৩ সাল থেকে দলের সক্রিয় কর্মী হিসেবে নিজের রাজনৈতিক পরিচয়ের কথা তুলে ধরেছেন তিনি।
এই প্রসঙ্গে ইকো পার্কে প্রাতঃভ্রমণের সময় দিলীপ ঘোষ জানান, রিঙ্কু মজুমদার তাঁর চেয়েও পুরনো কার্যকর্তা। ইচ্ছা হয়েছে বলেই তিনি আবেদন করেছেন। তাঁর কথায়, “আমি বিধায়ক বা সাংসদ হয়েছি, ওঁরও ইচ্ছা হয়েছে আবেদন করার। হাজার হাজার লোক আবেদন করছে, শেষ পর্যন্ত দলই ঠিক করবে কে প্রার্থী হবেন।”
রিঙ্কু মজুমদার জানিয়েছেন, বিবাহসূত্রে ‘মিসেস ঘোষ’ হওয়ার আগে থেকেই তিনি সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। নিজের রাজনৈতিক সত্তা বজায় রেখে মানুষের জন্য কাজ করতেই তিনি নির্বাচনে লড়তে আগ্রহী। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপির দলীয় দপ্তরে এমন অসংখ্য জীবনপঞ্জি জমা পড়ছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।