মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ: চলতি সপ্তাহেই কি ইরানে মার্কিন হামলা?

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের দামামা বেজে উঠেছে। মার্কিন সংবাদমাধ্যমগুলোর দাবি অনুযায়ী, চলতি সপ্তাহেই ইরানে সামরিক অভিযান চালাতে পারে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, তবে হোয়াইট হাউসকে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে যে তারা সপ্তাহান্তে হামলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। প্রেসিডেন্ট সবুজ সংকেত দিলেই এই সামরিক সংঘাত শুরু হতে পারে।
উত্তেজনা বৃদ্ধির আবহে গত ৪৮ ঘণ্টায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে এফ-১৬ ও এফ-৩৫ এর মতো অত্যাধুনিক যুদ্ধবিমান এবং জ্বালানি ট্যাঙ্কার মোতায়েন করেছে আমেরিকা। এছাড়া ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং আব্রাহাম লিঙ্কনের মতো শক্তিশালী বিমানবাহী রণতরীসহ একাধিক মিসাইল ডেস্ট্রয়ার গন্তব্যের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। পরমাণু চুক্তি নিয়ে মতবিরোধের জেরে ট্রাম্প প্রশাসন এই কঠোর অবস্থান নিয়েছে।
বর্তমানে পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করছেন মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তারা। ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে ইরান চুক্তিতে সম্মত না হলে যুদ্ধের পথ বেছে নেওয়া হবে। ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ক্রমবর্ধমান এই সংঘাত এখন কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রাখছে বিশ্বমহল। কূটনৈতিক আলোচনার সমান্তরালে যুদ্ধের এই প্রস্তুতি মধ্যপ্রাচ্যে চরম অস্থিরতা তৈরি করেছে।