বাম আমলে নিয়োগ দুর্নীতি: প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্তে হাইকোর্টের সবুজ সংকেত

রাজ্য রাজনীতিতে এবার বাম আমলের নিয়োগ দুর্নীতি নিয়ে চাঞ্চল্যকর মোড়। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জমানায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ দে-র বিরুদ্ধে অনৈতিকভাবে চাকরি দেওয়ার অভিযোগে তদন্তের সবুজ সংকেত দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাই চট্টোপাধ্যায় বুধবার এই সংক্রান্ত মামলায় পর্যবেক্ষণ জানান যে, সরকারি কোষাগারের টাকা ব্যবহার করে এভাবে ব্যক্তিগত প্রভাবে নিয়োগ করা যায় না।
ঘটনার সূত্রপাত ২০০৭ সালে সর্বশিক্ষা মিশনের এক চুক্তিভিত্তিক কর্মীর নিয়োগকে কেন্দ্র করে। অভিযোগ, নিয়মবহির্ভূতভাবে ওই কর্মীকে বিকাশ ভবনে বিভাগীয় সহকারী পদে নিয়োগ করেছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী। ২০১২ সালে বর্তমান সরকার তাঁকে পদ থেকে সরিয়ে দিলে মামলাটি আদালতে ওঠে। আদালত স্পষ্ট জানায়, তৎকালীন মন্ত্রী নিজের প্রভাব খাটিয়ে সরকারি তহবিলের অপব্যবহার করেছেন, যা অত্যন্ত গুরুতর বিষয়।
হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, রাজ্য সরকার চাইলে এই অনৈতিক নিয়োগ প্রক্রিয়ার নেপথ্যে থাকা দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত শুরু করতে পারে। আদালতের মতে, যথাযথ তদন্ত হলে তৎকালীন সময়ের আরও অনেক বেনিয়ম প্রকাশ্যে আসার সম্ভাবনা রয়েছে। সরকারি অর্থ নয়ছয় রুখতে এবং সত্য উদঘাটনে প্রশাসনের এই পদক্ষেপ জরুরি বলে মনে করছে বিচারব্যবস্থা।