কলকাতায় ‘স্পাইডারম্যান’ চোর: নিউ আলিপুরে বহুতল বেয়ে দুঃসাহসিক চুরি

দক্ষিণ কলকাতার নিউ আলিপুরে এক বহুতলে ‘স্পাইডারম্যান’ স্টাইলে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার গভীর রাতে এক দুষ্কৃতী পাইপ ও দেওয়াল বেয়ে অনায়াসে চারতলার ফ্ল্যাটে উঠে পড়ে। বারান্দার খোলা দরজা দিয়ে ঘরে ঢুকে লক্ষাধিক টাকা ও গয়না ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয় সে।
নিঝুম রাতে ঘটা এই চুরির ঘটনায় নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত অত্যন্ত পেশাদারভাবে একতলা থেকে চারতলায় উঠেছিল। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চলছে। প্রাথমিক অনুমান, চুরির আগে দুষ্কৃতীরা এলাকাটি রেইকি করেছিল।
তদন্তকারীদের মতে, এই ধরনের গ্যাং অনেক সময় নাবালকদেরও ব্যবহার করে। রাতের শেষ ট্রেনে এসে অপারেশন চালিয়ে ভোরে তারা পালিয়ে যায়। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাতে বারান্দার দরজা ও জানলা শক্ত করে আটকে রাখার পরামর্শ দিয়েছে পুলিশ। অভিযুক্তকে ধরতে তল্লাশি জারি রয়েছে।