ডাগ আউটে চরম অশান্তি: কোচ ও অধিনায়কের বাদানুবাদে উত্তপ্ত পাকিস্তান শিবির

ডাগ আউটে চরম অশান্তি: কোচ ও অধিনায়কের বাদানুবাদে উত্তপ্ত পাকিস্তান শিবির

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠলেও স্বস্তিতে নেই পাকিস্তান ক্রিকেট দল। নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ডাগ আউটে প্রকাশ্যে বিবাদে জড়ালেন কোচ মাইক হেসন এবং অধিনায়ক সলমন আলি আঘা। ওপেনার সাইম আয়ুব দ্রুত আউট হতেই উত্তেজিত হয়ে অধিনায়ককে কিছু বলতে শুরু করেন হেসন। পাল্টা জবাব দেন সলমনও, যা একপর্যায়ে উত্তপ্ত বাক্যবিনিময়ে রূপ নেয়।

পরিস্থিতি চরমে পৌঁছালে রাগে জলের বোতল ছুড়ে ফেলে ডাগ আউট ত্যাগ করেন অধিনায়ক সলমন। এই পুরো সময়টিতে দুই জনের মাঝে বসে নির্বাক দর্শকের ভূমিকা পালন করতে দেখা যায় প্রাক্তন অধিনায়ক বাবর আজমকে। তাঁর চোখেমুখে অস্বস্তির ছাপ ছিল স্পষ্ট। মাঠের এই অপ্রীতিকর ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে।

ভারতের কাছে হারের পর থেকেই পাকিস্তান দলে অন্তর্দ্বন্দ্বের গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই আবহেই দলের ব্যাটিং অর্ডারে রদবদল এবং শাহিন আফ্রিদিকে বসিয়ে রাখার মতো সিদ্ধান্ত নিয়ে বিতর্ক আরও বেড়েছে। বাবর আজম দলে থাকলেও তাঁকে ব্যাটিংয়ে নামানো হয়নি। পিসিবি চেয়ারম্যানের কড়া বার্তার পর এই অভ্যন্তরীণ কলহ পাক ক্রিকেটে নতুন সংকট তৈরি করল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *