মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায়: মন্দিরবাজারের এইআরও-র বিরুদ্ধে কমিশনে রিপোর্ট

মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায়: মন্দিরবাজারের এইআরও-র বিরুদ্ধে কমিশনে রিপোর্ট

দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। মহম্মদ শহিদুল হক নামে এক মৃত ব্যক্তিকে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার সবুজ সংকেত দেওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এইআরও-র বিরুদ্ধে। পরিবারের পক্ষ থেকে মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট জমা দেওয়া সত্ত্বেও কীভাবে তালিকায় তাঁর নাম বহাল রাখা হলো, তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

ঘটনার সূত্রপাত শহিদুল হকের তথ্যে অসঙ্গতি ধরা পড়ায় তাঁকে শুনানিতে তলব করার মাধ্যমে। আগামী ৩ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য হলেও তার আগেই পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর শংসাপত্র জমা দিয়ে উপযুক্ত প্রমাণ পেশ করেন। অভিযোগ, সমস্ত নথিপত্র থাকা সত্ত্বেও ওই আধিকারিক মৃত ব্যক্তিকে যোগ্য ভোটার হিসেবে গণ্য করে তালিকায় নাম রাখার অনুমতি দেন।

কেন্দ্রীয় পর্যবেক্ষকদের ‘সুপার চেকিং’-এর সময় এই নজিরবিহীন জালিয়াতি প্রকাশ্যে আসে। নথিপত্র খতিয়ে দেখে পর্যবেক্ষকেরা ইতিমধ্যেই বিস্তারিত রিপোর্ট নির্বাচন কমিশনের সদর দফতরে পাঠিয়েছেন। বিষয়টি প্রশাসনিক গাফিলতি নাকি ইচ্ছাকৃত কোনো পদক্ষেপ, তা খতিয়ে দেখছে কমিশন। এই ঘটনায় সংশ্লিষ্ট আধিকারিকের ভূমিকা নিয়ে উচ্চপর্যায়ে তদন্ত শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *