ভোটার তালিকা সংশোধন: কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট অবমাননার অভিযোগ অভিষেকের

ভোটার তালিকা সংশোধন: কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট অবমাননার অভিযোগ অভিষেকের

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে বিদ্ধ করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে অধস্তনদের নির্দেশ দিচ্ছেন কমিশনের আধিকারিকরা। প্রমাণস্বরূপ সোশ্যাল মিডিয়ায় স্ক্রিনশট শেয়ার করে তিনি অভিযোগ করেন, নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্যবস্তু বানাতে রোল অবজারভারদের লগইন তথ্য কেন্দ্রীয়ভাবে অপব্যবহার করা হচ্ছে। বিষয়টি নিয়ে তৃণমূল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে বলেও জানান তিনি।

অভিষেক প্রশ্ন তোলেন, স্পেশ্যাল রোল পর্যবেক্ষক সি. মুরুগান কীভাবে সরাসরি মাইক্রো অবজারভারদের জন্ম শংসাপত্রের গ্রহণযোগ্যতা নিয়ে নির্দেশ দেন। তাঁর মতে, স্বাধীন তদন্ত হলে লগইন ডিভাইসের আইপি ঠিকানা ও লোকেশনের অসঙ্গতি প্রকাশ পাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘তুঘলকি কমিশন’ মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই এই বিস্ফোরক অভিযোগ আনলেন অভিষেক। তিনি স্মরণ করিয়ে দেন, কমিশনের বৈধতা জনগণের আস্থার ওপর নির্ভরশীল, কোনো রাজনৈতিক পৃষ্ঠপোষকতার ওপর নয়।

পাল্টা জবাবে অভিযোগ অস্বীকার করেছেন সি. মুরুগান। তাঁর দাবি, তিনি কোনো নতুন নির্দেশ দেননি, বরং পূর্বের নির্দেশিকার ব্যাখ্যা দিয়েছেন মাত্র। নির্বাচন কমিশন সূত্রও অভিষেকের অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছে, আদালতের রায়ের পর হোয়াটসঅ্যাপে কোনো আনুষ্ঠানিক নির্দেশ পাঠানো হয়নি। কমিশনের মতে, পর্যবেক্ষকদের ব্যাখ্যা দেওয়ার ওপর কোনো আইনি নিষেধাজ্ঞা নেই। বর্তমানে এই এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলার শুনানি চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *